
যুদ্ধ বন্ধে চুক্তির কাছাকাছি ইরান-আমেরিকা । একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে যাচ্ছে। শান্তি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি উচ্চপদস্থ পাকিস্তানি সূত্র জানিয়েছে, দুই দেশ এখন একটি এক পৃষ্ঠার সংক্ষিপ্ত খসড়া চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
উচ্চপদস্থ পাকিস্তানি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
সংশ্লিষ্ট পাকিস্তানি সূত্রটি রয়টার্সকে বলেন, “আমরা খুব শিগগির এটি শেষ করব। আমরা চুক্তির অত্যন্ত কাছাকাছি আছি।”
গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক-কৌশলগত জলপথ হরমুজ প্রণালী বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এই অচলাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে ওঠে, যা বৈশ্বিক অর্থনীতিতে উদ্বেগ তৈরি করে। এমতাবস্থায়, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে গৃহীত বিশেষ মার্কিন সামরিক মিশন ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের এই আকস্মিক সিদ্ধান্ত উভয় দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা হ্রাস এবং চলমান সমঝোতার পথকে আরও প্রশস্ত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।